নতুন রেকর্ড গড়লেন স্টার্ক

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৬, ০৭:৪৬ পিএম
নতুন রেকর্ড গড়লেন স্টার্ক

গেবারহা টেস্টের তৃতীয় দিনে বিরল কীর্তি গড়েছেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি পেসার টেস্ট ক্রিকেটে ৪৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। টপকে গেছেন কিংবদন্তী গ্লেন ম্যাকগ্রাকেও। বলের সংখ্যার বিচারে অজি এই তারকাই ইতিহাসের দ্রুততম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৪৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের ৫০তম ওভারে এই মাইলফলকে পৌঁছান স্টার্ক। তিনি ৩৮ বলে ১৩ রান করা উইয়ান মাল্ডারকে একটি শর্ট ডেলিভারিতে বলের বাউন্স দিয়ে পরাস্ত করেন। এই মাইলফলকে পৌঁছাতে তার প্রয়োজন হয়েছে ২০,৫৭৭টি ডেলিভারি; যা অস্ট্রেলিয়ারই সাবেক ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রার ২৩,৪৭৪ বলের আগের রেকর্ডটিকে ছাড়িয়ে গেছে। ১০৯তম টেস্টে এই রেকর্ড গড়েছেন স্টার্ক। ম্যাচের হিসেবে দ্বিতীয় দ্রুততম পেসার হিসেবে সাড়ে চারশ উইকেট নিলেন তিনি। ম্যাকগ্রা এই মাইলফলক স্পর্শ করেন ১০০ টেস্টে। সব মিলিয়ে দ্রুততম ৪৫০ উইকেট নেওয়ার রেকর্ডটি মুত্তিয়া মুরালিধরনের, ৮০ টেস্টে রেকর্ডটি গড়েন সাবেক এই লঙ্কান স্পিনার। এই তালিকায় তার পরের দুইটি স্থানেও আছেন দুই স্পিনার, ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও অনিল কুম্বলে। বাঁহাতি পেসারদের মধ্যে স্টার্কই প্রথম বোলার হিসেবে ৪৫০ উইকেট শিকার করেছেন। বাঁহাতি বোলার বিবেচনায় নিলেও শীর্ষে থাকছেন এই পেসারই। এই তালিকায় ৪৩৩ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ। আর ৪১৪ উইকেট নিয়ে তিনে পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরাম। মাল্ডার ছাড়াও ব্রিটজকে ও ১৭৯ রানের দুর্দান্ত ইনিংস খেলা বাভুমাকে আউট করেছেন স্টার্ক। ৯ উইকেটে ৪২৫ রান করে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। দিনের শেষ ভাগে ব্যাটিংয়ে নেমে ম্যাডিনসনের উইকেট হারিয়ে ৩ রান তুলেছে অস্ট্রেলিয়া।

আপনার জেলার সংবাদ পড়তে