ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব, সাবেক পিপি এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান বলেছেন, ইসলামী গণতান্ত্রিক পার্টি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, আইনের শাসন, অর্থনৈতিক মুক্তি, ইসলামী মূল্যবোধ ও মদীনা সনদের আলোকে সমাজ, রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়মতান্ত্রিক ভাবে কাজ করে যাচ্ছে। শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর ইসিবিতে ইসলামী গণতান্ত্রিক পার্টির অঙ্গ সংগঠন ইসলামী গণতান্ত্রিক মহিলা পার্টির কেন্দ্রীয় কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান আরও বলেন, ইসলাম ধর্ম নারীদেরকে সর্বাধিক সম্মান ও মর্যাদা দান করেছে। মায়ের পদতলে সন্তানের বেহেশত ঘোষণার মাধ্যমে নারীর সর্বোচ্চ মর্যাদা নিশ্চিত করা হয়েছে।সামাজিক মর্যাদা ও নারীর অর্থনৈতিক মুক্তির কথা বলেছে ইসলাম। তাই ইসলামী মূল্যবোধ ও মদীনা সনদের আলোকে সমাজ, রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে দলীয় চেয়ারম্যান লায়ন এম এ আউয়াল এর হাতকে শক্তিশালী করার জন্য এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান উপস্থিত নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। ইসলামী গণতান্ত্রিক মহিলা পার্টির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়িকা শারমীন আফাজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী গণতান্ত্রিক পার্টির প্রেসিডিয়াম সদস্য মোঃ শহীদুল ইসলাম। সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নাজমা ইসলাম, শীলা হালদার, সাহিদা বেগম, শামীমা নাসরিন রীনা, ফারহানা আক্তার ও সাহনাজ খানম সূর্য। সম্মেলনে ইসলামী গণতান্ত্রিক মহিলা পার্টির নিম্নোক্ত কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। সভানেত্রী- নাজমা ইসলাম, সহ সভানেত্রী- শারমিন আফাজ ও শামীমা নাসরিন রীনা, সাধারণ সম্পাদিকা- শীলা হালদার, যুগ্ম সাধারণ সম্পাদিকা- মদীনা আক্তার, সাংগঠনিক সম্পাদিকা- ফারহানা আক্তার, যুগ্ম সাংগঠনিক সম্পাদিকা- রোজ সরকার, প্রচার সম্পাদিকা- শান্তা ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদিকা- সাহিদা বেগম, দফতর সম্পাদিকা- ফাতেমা বেগম, সদস্য- নাসরিন আক্তার ইভা, সালমা আক্তার, দুলি বেগম, শাহনাজ খানম সূর্য, কোহিনূর আক্তার, নাসিমা বেগম, হাসিনা খানম, মন্জু আক্তার, আকলিমা বেগম, বিলকিস আক্তার ও লাইজু বেগম প্রমুখ।