চাঁদপুরের হাইমচরে মা ইলিশ রক্ষা অভিযান-২০২৬ উপলক্ষে পরিচালিত যৌথ টাস্কফোর্সের পৃথক দুই অভিযানে মোট ৮ জনকে আটক করা হয়েছে। অভিযানকালে বিপুল পরিমাণ ইলিশ মাছ ও কারেন্ট জাল জব্দ করা হয়। শনিবার (২৪ অক্টোবর) হাইমচর উপজেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১:৩০টা পর্যন্ত হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ঈশানবালার কাসেমুল উলুম মাদ্রাসা সংলগ্ন এলাকায় টাস্কফোর্সের প্রথম অভিযানটি পরিচালিত হয়। উপজেলা প্রশাসন, হাইমচর থানা পুলিশ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এবং কোস্টগার্ডের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ বিক্রির অপরাধে ২ জনকে আটক করা হয়। একই সাথে এলাকা থেকে প্রায় ১১৮ কেজি ৫০০ গ্রাম ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ স্থানীয় ১২টি এতিমখানায় বিতরণ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।
অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৮:১৫টা পর্যন্ত নদীতে পরিচালিত অপর একটি অভিযানে মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে ৬ জনকে হাতেনাতে আটক করে টাস্কফোর্স। এসময় তাদের কাছ থেকে প্রায় ৩৫ কেজি ইলিশ ও আনুমানিক ১ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।
জব্দকৃত ৩৫ কেজি ইলিশ মাছ ৪টি এতিমখানায় বিতরণ করা হয় এবং অবৈধ কারেন্ট জালগুলো বিধি মোতাবেক পুড়িয়ে বিনষ্ট করা হয়। আটক ৬ জনের মধ্যে ৩ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। বাকি ৩ জনের প্রত্যেককে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে হাইমচর উপজেলা টাস্কফোর্স কমিটির এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।