প্যাকেটজাত খাদ্যের মোড়কে সতর্কবার্তা প্রদানে মাসব্যাপী প্রচারণা শুরু

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৬, ০৫:০৪ পিএম
প্যাকেটজাত খাদ্যের মোড়কে সতর্কবার্তা প্রদানে মাসব্যাপী প্রচারণা শুরু

অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বিযুক্ত অতিপ্রক্রিয়াজাত খাদ্য ও পানীয়ের মোড়কের সামনে স্পষ্ট সতর্কবার্তা বা ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং (এফওপিএল) চালুর দাবিতে এবং এ বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে দেশে প্রথমবারের মতো মাসব্যাপী একটি গণমাধ্যম ক্যাম্পেইন শুরু হয়েছে। ২৫ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রচারণার উদ্বোধন করা হয়। প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান), ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা আহ্ছানিয়া মিশন, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিবিবি) ট্রাস্ট, কোয়ালিশন ফর হেলথ ফুড এবং সেন্টার ফর ল অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স (সিএলপিএ) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। ​অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাসজনিত অসংক্রামক রোগের (এনসিডি) ঝুঁকি দিন দিন বাড়ছে। দেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশের জন্যই অসংক্রামক রোগ দায়ী, যার মূল কারণ হৃদরোগ ও টাইপ-২ ডায়াবেটিস। এছাড়া দেশের প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় ৩১.৮ শতাংশ অতিরিক্ত ওজন এবং ১৩.৮ শতাংশ মানুষ স্থূলতায় (ওবেসিটি) আক্রান্ত, যা নানা মারাত্মক রোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। ​খাদ্যের মোড়কের সামনে থাকা অক্টাগন বা অষ্টভুজ আকৃতির সতর্কতামূলক এই লেবেল (এফওপিএল) ভোক্তাদের দ্রুত বুঝতে সাহায্য করবে যে কোনো খাবারে অতিরিক্ত চিনি, লবণ বা ফ্যাট রয়েছে কি না। এটি অস্বাস্থ্যকর পণ্য কেনা নিরুৎসাহিত করতে এবং পুষ্টিসম্মত খাবার নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান। ​বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রচারণা কর্মসূচির উদ্বোধন করেন। ​আগামী দুই মাসব্যাপী টেলিভিশন, রেডিও, ডিজিটাল প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া, অনলাইন ও প্রিন্ট সংবাদপত্র এবং গুগল বিজ্ঞাপনের মাধ্যমে এই প্রচারণা চালানো হবে। এছাড়া বাংলাদেশে প্যাকেটজাত খাদ্য ও পানীয়তে এফওপিএল প্রদানসংক্রান্ত প্রবিধানমালা প্রণয়ন ও বাস্তবায়নে সরকারকে সহায়তা করাও এই ক্যাম্পেইনের অন্যতম প্রধান উদ্দেশ্য। ​ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব  ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (খাদ্যশিল্প ও উৎপাদন) অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব ও গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) কান্ট্রি লিড মুহাম্মদ রুহুল কুদ্দুস। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি বিভাগের পরিচালক ইকবাল মাসুদ, ডাব্লিবিবি ট্রাস্টের নির্বাহী পরিচালক সাইফুদ্দীন আহমেদ, প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের এবং সিএলপিএ’র সেক্রেটারি অ্যাড. সৈয়দ মাহবুবুল আলম।

আপনার জেলার সংবাদ পড়তে