যশোরের মণিরামপুরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ক্যান্সার'সহ জটিল রোগে আক্রান্ত ১০ জন রোগীকে মোট ১০ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের এ কর্মসূচিতে প্রত্যেক উপকারভোগীকে এক লাখ টাকা করে দেওয়া হয়েছে। ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীরা এই অনুদান পেয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) সকালে পৌরশহরের তাহেরপুর গ্রামে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. মফিজুর রহমান মফিজের নিজ বাসভবনে এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চেক তুলে দেন মফিজুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামছুজ্জামান শান্ত, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম গাজী, সাবেক পৌর যুবদলের আহ্বায়ক আব্বাস আলী, উপজেলা বিএনপির সদস্য উজ্জ্বল, উপজেলা যুবদলের সদস্য মাহফুজ এবং পৌর ছাত্রদলের সদস্য এনজেল পারভেজ রিফাত সহ প্রায় অর্ধশত গ্রামবাসী। প্রধান অতিথির বক্তব্যে মফিজুর রহমান বলেন, গুরুতর রোগে আক্রান্ত অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপি সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অন্যতম নেতা। অনেক পরিবারকে সংসার চালিয়ে চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খেতে হয়। যে কারনে প্রধানমন্ত্রী তারেক রহমান এই সহায়তা উপকারভোগীদের চিকিৎসা চালিয়ে নিতে ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, ব্যক্তিগত উদ্যোগে আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে অনুদানের চেক তাঁর কাছে পাঠানো হয়েছে। তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় উপকারভোগীদের নিজের বাসায় ডেকে চেক হস্তান্তর করেছেন।