আবহাওয়া অনুকূলে থাকায় দিনাজপুরের ঘোড়াঘাটে এবার শীতকালীন আগাম সবজি চাষে ঝুঁকে পড়েছেন স্থানীয় কৃষকরা। উৎপাদিত সবজির বাম্পার ফলন এবং বাজারে ভালো দাম পাওয়ায় দ্বিগুণ লাভের আশা করছেন তাঁরা। শীতের আমেজ শুরু হতে না হতেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন এই অঞ্চলের কৃষকরা। বর্তমানে ক্ষেতের আগাছা পরিষ্কার (নিড়ানি) ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। অনেকেই ভালো দাম পাওয়ার আশায় একটু আগেই জমি থেকে সবজি তুলে স্থানীয় বাজারে বিক্রি করতে শুরু করেছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ঘোড়াঘাট উপজেলায় প্রায় ১,২০০ একর জমিতে পালং শাক, মূলা, বেগুন, পটল, ফুলকপি, বাঁধাকপি, বরবটি, শসা ও শিমসহ বিভিন্ন প্রকার শীতকালীন সবজির আবাদ করা হয়েছে। উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, সবুজ পাতার সমারোহে ভরে উঠেছে কৃষকদের খেত। ভোরবেলা থেকেই সবজি পরিচর্যায় ব্যস্ত সময় কাটছে তাদের। এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুজ্জামান জানান, কৃষকদের নিয়মিত পরামর্শ ও অনুকূল আবহাওয়ার কারণে এবার সবজির ফলন বেশ ভালো হয়েছে। আগাম সবজি চাষ করে কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। ইতিমধ্যে বাজারে উঠতে শুরু করেছে হরেক রকম শীতকালীন সবজি। ঘোড়াঘাটের স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে এখানকার উৎপাদিত সবজি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার বড় বড় পাইকারি বাজারে সরবরাহ করা হচ্ছে। বর্তমানে বাজারে সবজির দাম বেশ ভালো থাকায় বেজায় খুশি কৃষকরা।