নোয়াখালীর সেনবাগে ছমির মুন্সির হাট পশ্চিম বাজারের খালপাড় থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার নবগঠিত ১০ নম্বর ইয়ারপুর ইউনিয়নের ফেনী-নোয়াখালী মহাসড়কের পাশের আনোয়ারের লাকড়ির দোকানের বাঁশের সঙ্গে আটকানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী বেশ কিছুদিন ধরে ছমির মুন্সির হাট বাজার এলাকায় ঘোরাফেরা করতেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে তাঁকে জাহাঙ্গীর কমপ্লেক্স ও জমজম টাওয়ারের মধ্যবর্তী খালপাড়ে লাকড়ির দোকানের পাশে বসে থাকতে দেখা যায়। বিকেলে তাঁকে মৃত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর কথা রয়েছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী মিলন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত শেষে পরিচয় শনাক্ত না হলে মরদেহটি বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে।