লক্ষ্ণীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, আইন মানার আহ্বান

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) : | প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৬, ০১:১৯ পিএম
লক্ষ্ণীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, আইন মানার আহ্বান

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্য সামনে রেখে লক্ষ্ণীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ পালিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় সড়ক দুর্ঘটনা রোধে চালকদের সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং প্রশিক্ষিত চালকের মাধ্যমে যানবাহন পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

আলোচনা সভায় বক্তব্য দেন বিআরটিএর সহকারী পরিচালক মাহবুব রব্বানী, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. নাহিদ রায়হান, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) এস এম কামরুল হাসান এবং অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারী-সবার সচেতনতা জরুরি। এ জন্য ফুটপাত দখলমুক্ত রাখা, অবৈধ ভটভটি ও নসিমনের চলাচল বন্ধ করা এবং নির্ধারিত গতিসীমা মেনে যানবাহন চালাতে হবে।

একই সঙ্গে ট্রাফিক আইন যথাযথভাবে অনুসরণ ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তাঁরা।

আপনার জেলার সংবাদ পড়তে