খুলনার পাইকগাছায় ফোনে চাঁদা দাবির অভিযোগে দায়ের করা দুটি মামলায় ২৪ ঘণ্টার ব্যবধানে তিনজনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে বাগেরহাটের রামপাল থানার শরাপপুর গ্রামের নিজ বাড়ি থেকে মোল্লা ইয়ামিন, তাঁর মা শাহিদা বেগম (৫০) ও স্ত্রী হিরা আক্তারকে (২৬) আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ অক্টোবর পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আক্কাজ আলীর কাছে ফোন করে চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় তাঁরা পৃথকভাবে পাইকগাছা থানায় দুটি মামলা করেন। মামলাগুলো হলো ২৭ ও ২৮ নম্বর। অভিযোগে মোল্লা ইয়ামিনের নাম উঠে আসে। তিনি কথিত ‘ডন বাবু’ ওরফে ‘গ্রেনেড বাবু’ নামেও পরিচিত বলে সূত্র জানিয়েছে। মামলা দায়েরের পর জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুকের নির্দেশনায় এবং পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবিরের তত্ত্বাবধানে অভিযান শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে বাগেরহাটের রামপাল থেকে ওই তিনজনকে আটক করা হয়। পাইকগাছা থানার ওসি শেখ আব্দুল আউয়াল কবির বলেন, মোল্লা ইয়ামিন তার মা ও স্ত্রীর নামে রেজিষ্ট্রেশনকৃত মোবাইল নাম্বার থেকে চাঁদা দাবি করতো বলে সে স্বীকার করেছে। জেলা পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী অভিযান চালিয়ে ফোনে চাঁদা দাবির ঘটনায় দায়ের করা মামলার তিন আসামিকে আটক করা হয়েছে। তার নামে দেশের বিভিন্ন থানায় চাঁদাবাজিসহ সিআর আরো ৩টা মামলার সন্ধান পাওয়া গেছে। এদিকে গত ২৬ অক্টোবর বিকেল ৩টার দিকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদের কাছে ফোন করে চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ‘সর্বহারা পার্টির’ পরিচয় দিয়ে আসলাম শিকদার নামে এক ব্যক্তি তাঁর কাছে চাঁদা দাবি করেন। পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।