কাহারোলে লোকসান পুষিয়ে নিতে আগাম আলু চাষে ঝুঁকেছেন কৃষকেরা

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪২ এএম
কাহারোলে লোকসান পুষিয়ে নিতে আগাম আলু চাষে ঝুঁকেছেন কৃষকেরা

গত মৌসুমে আলু চাষে লোকসানের ধাক্কা সামলিয়ে ঘুরে দাড়ানোর স্বপ্ন দেখছেন দিনাজপুরের কাহারোল উপজেলার আলু চাষীরা। তুলনামূলক ভালো দাম পাওয়ার আশায় আগাম জাতের আলু চাষে ঝুঁকেছেন আলু চাষীরা। ইতিমধ্যেই উপজেলার ৬টি ইউনিয়নে ৪৭ হেক্টর জমিতে আগাম আলু বীজ রোপণ করা হয়েছে। কৃষকদের লক্ষ্য ডিসেম্বরের প্রথম সপ্তাহে নতুন আলু বাজারে তুলে ভালো দাম পাওয়ার আশায় আলু চাষে ঝুঁকে পড়েছে আলু চাষীরা। বর্তমানে বাজারে আলুর বীজের দাম কম হলেও অন্যান্য উপকরণের দাম বর্তমানে বেশী। 

কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে উপজেলায় ৩ হাজার ৪ শত ৬০ একর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর ৪ হাজার ১০ একর জমিতে আলু চাষ করা হয়েছিল। বর্তমানে আলু চাষীরা মাঠে আলু রোপণ ও পরিচর্যা করছেন আলুর জমিতে।  উপজেলার বলরামপুর গ্রামের আলু চাষী মো: শহিদুল ইসলাম জানান, এবার ৫০ শতক জমিতে আলু চাষ করেছি, বীজের দাম কম হলেও অন্যান্য উপকরণের দাম বেশী রয়েছে। যদি বাজারে নতুন আলুর দাম ভালো না পাওয়া যায় তাহলে লোকসান গুনতে হবে। একই গ্রামের কৃষক জসিম উদ্দিন বলেন, আলুর বীজের  দাম গতবারের তুলনায় কম হলেও সার, কীটনাশক ও শ্রমিকের  মুজুরী বাবদ খরচ বেড়েছে এরপরও আগাম জাতের আলু চাষ করে ভালো লাভের আশা করছেন তারা। তিনি বলেন, আগের মৌসুমে আলু চাষ করে যে লোকসান হয়েছে, এবার আগাম আলুতে তা পুষিয়ে নেওয়ার প্রত্যাশা রয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় স্বল্প মেয়াদি আগাম আমন ধান কাটার পর একই জমিতে আলু চাষের প্রস্তুতি নিয়েছি। জমি  পরিচর্যা, সার প্রয়োগ, হিমাগার থেকে বীজ সংগ্রহ ও রোপনের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। কৃষকদের ভাষ্য ‘আগাম আলু চাষে বীজের দাম কিছুটা কম থাকলেও অন্যান্য উপকরণের ব্যয় তাদের চাপের মুখে ফেলেছ - বিশেষ করে জ্বালানী তেলের দাম বৃদ্ধি প্রভাবে পরিবহন ব্যয় বেড়েছে, পাশাপাশি গোবর সার ও শ্রমিকের মুজুরী বৃদ্ধি ও উৎপাদন খরচ বাড়াচ্ছে।’

কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা মো: জাহিদুর রহমান বলেন, আগাম জাতের আলু চাষে অন্যতম সুবিধা হলো স্বল্প সময়ে ফসল সংগ্রহ করে বাজারজাত করা যায়। জাতভেদে বীজ রোপণের ৫৫ থেকে ৬০ দিনের মধ্যে আলু বিক্রির উপযোগী হয়। ফলে ডিসেম্বরের শুরুতে নতুন আলু বাজারে তোলার সুযোগ তৈরী হয়ে থাকে। তিনি আরও বলেন, আগাম আমন ধান কাটার পর এসব জমিতে আগাম আলু চাষ শুরু হয়েছে। ভালো লাভের আশায় অনেক কৃষক এবার আগাম আলু চাষে মনোযোগী হয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে