ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নের দরগাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই হয়ে যাওয়া আনোয়ার হোসেনের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক বি এম শামিমুল ইসলাম পিকুল।
শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে ত্রিলোচনপুর গ্রামের দরগাপাড়ায় ক্ষতিগ্রস্ত আনোয়ার হোসেনের বাড়িতে যান তিনি। এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাঁদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান। পাশাপাশি পরিবারটির দুর্দিনে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেন। বি এম শামিমুল ইসলাম পিকুল কালীগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালনকারী এবং ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আয়নাল হাসানের ছেলে।
জানা গেছে, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটের দিকে ত্রিলোচনপুর গ্রামের দরগাপাড়ায় আনোয়ার হোসেনের বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মুহূর্তের মধ্যেই বসতঘর ও ঘরে থাকা মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে ঘরে থাকা দুটি স্বর্ণের চেইন, চারটি স্বর্ণের আংটি, একটি নেকলেস, দুই জোড়া কানের দুল, একটি ব্রেসলেট ও নগদ ২০ হাজার টাকাসহ আসবাবপত্র, চাল-ডাল, জামাকাপড় এবং নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পরিবারটি।
হঠাৎ এমন ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও সহায়সম্বল হারিয়ে চরম বিপাকে পড়েছে আনোয়ার হোসেনের পরিবার। এমন দুর্দিনে চেয়ারম্যান পদপ্রার্থী পিকুলের আর্থিক সহযোগিতা পরিবারটির জন্য কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে। এ বিষয়ে বি এম শামিমুল ইসলাম পিকুল বলেন “মানুষের বিপদে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। অগ্নিকাণ্ডে আনোয়ার হোসেনের পরিবারের যে ক্ষতি হয়েছে, তা সত্যিই অত্যন্ত দুঃখজনক। আমি আমার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছি। সমাজের বিত্তবানদেরও এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই ও সুখে-দুঃখে ত্রিলোচনপুর ইউনিয়নের মানুষের পাশে থাকতে চাই তিনি।