আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

এফএনএস (প্রতিবেদক): | প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৬, ০৪:৩৩ পিএম
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

সাভারের আশুলিয়ায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে এক শিল্প পুলিশ সদস্য আহত হয়েছেন। শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।

শনিবার সকাল থেকে শুরু হওয়া শ্রমিক অসন্তোষের মুখে আশুলিয়ার কাঠগড়া অঞ্চলসহ আশপাশের এলাকার অন্তত ১৩টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

শিল্প পুলিশ সূত্রে জানা যায়, সকালে নাঈম নীটওয়ারের শ্রমিকরা প্রথমে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন। পরে তারা কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে আশপাশের কয়েকটি কারখানায় ইটপাটকেল ছুড়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে শিল্প পুলিশের একজন সদস্য আহত হন।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া বলেন, এখন পর্যন্ত ১৩টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সময়ের সঙ্গে এ সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে।

আপনার জেলার সংবাদ পড়তে