পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা বিভিন্ন সড়ক সহ ফকিন্নগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়কে পর্যাপ্ত লাইট পোস্ট ও সড়ক বাতি না থাকায় সন্ধ্যা নামলেই এক ভৌতিক অবস্থা তৈরি হয়। অন্ধকারে ঢেকে যায় পুরো এলাকা। এতে চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকেরা। অন্ধকারে দুর্ঘটনা ও অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ার আশঙ্কায় আতঙ্কের মধ্য দিয়ে যাতায়াত করতে হচ্ছে সর্বসাধারণকে।
সরজমিনে দেখা যায়, উপজেলার পল্লী বিদ্যুৎ মোড় হতে মির্জা গোলাম হাফিজ সরকারি কলেজ হয়ে ফায়ার সার্ভিস মোড়, পল্লী বিদ্যুৎ মোড় হতে উপজেলা পরিষদ-ফকিরগঞ্জ বাজার হয়ে আটোয়ারী মহিলা কলেজ , পশু হাসপাতাল হতে বিএম কলেজ, উপজেলা পরিষদ ও থানার পিছনের সড়কটি, উপজেলা পরিষদ গেইট হতে কৃষি ব্যাংক রোড কবরস্থান, আটোয়ারী হাসপাতাল হতে ছোটদাপ কবরস্থান, ফকিরগঞ্জ বাজার থেকে ভূমি অফিস রোড, ফকিরগঞ্জ বাজার থেকে তোড়িয়া মুখি সড়ক কবরস্থান লিচুবাগান পর্যন্ত রাস্তাগুলি সন্ধ্যা হলেই অন্ধকার ডুবে যায়। প্রতিদিন এই সংযোগ সড়কগুলো দিয়ে হাজার হাজার মানুষ ও শত শত যানবাহন চলাচল করে। ফকিরগঞ্জ বাজার সহ উপজেলার প্রধান প্রধান সড়ক ও সংযোগ রাস্তাগুলোতে দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় লাইট পোস্ট নেই।
অনেক জায়গায় লাইট পোস্ট থাকলেও সড়ক বাতিগুলো নষ্ট হয়ে অকেজো হয়ে পড়ে আছে। অন্ধকারের সুযোগে বাজারে চুরি, ছিনতাই এবং সামাজিক অন্যায়ের ঝুঁকি আশঙ্কাজনকভাবে বাড়ার আশঙ্কা রয়েছে । এছাড়া সন্ধ্যার পর মোটরসাইকেল, বাইসাইকেল ও পথচারীদের অন্ধকার রাস্তায় চলাচল করতে গিয়ে প্রায়শই ছোট-বড় দুর্ঘটনার শিকার হতে হচ্ছে।
রাস্তায় চলাচলকারী স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে তারা জানান, সন্ধ্যার পর কোচিং বা জরুরি কাজে বাইরে বের হলে অন্ধকার রাস্তার কারণে ভয়ে ভয়ে চলতে হয়। বিশেষ করে নারী ও বয়স্কদের চলাচলে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। এলাকার সচেতন মহল মনে করেন, জনস্বার্থে ও ফকিরগঞ্জ বাজারের নিরাপত্তার স্বার্থে দ্রুত নষ্ট সড়ক বাতিগুলো মেরামত করা এবং প্রয়োজন অনুযায়ী নতুন লাইট পোস্ট স্থাপন করা অতিব জরুরি। এ বিষয়ে আটোয়ারী উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণের প্রতি আবেদন, জন-বহুল এই সড়ক গুলিতে দ্রুত আলোকময় পরিবেশ তৈরি করুন।