গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শিবরাম আলহাজ্ব মোহাম্মদ হোসেন স্মৃতি স্কুল এন্ড কলেজের কলেজ শাখায় দীর্ঘ ২ যুগ থেকে বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী না থাকলেও নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করছেন কর্মরত সহকারী অধ্যাপক, প্রভাষক ও প্রদর্শকসহ ০৭ জন।
জানা গেছে, বোর্ড কর্তৃক কলেজ শাখাটি গত ১৯৯৫-১৯৯৬ সালে একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠদান অনুমতি পেলেও শিক্ষক-কর্মচারীরা এমপিও ভুক্ত হন ২০০১ সালে। কলেজ শাখাটি পাঠদানের অনুমতি পাওয়ার পর বিজ্ঞান বিভাগে যথারীতি প্রভাষক ও প্রদর্শক নিয়োগপ্রাপ্ত হয়। তারা এমপিও ভূক্ত হলেও ঐ সময় থেকেই কলেজের বিজ্ঞান শাখাটি শিক্ষার্থী শূন্য অবস্থায় থাকছে। শিক্ষার্থী শূন্য থাকা এ বিভাগে তখন থেকে সহকারী অধ্যাপক, প্রভাষক ও প্রদর্শকসহ ০৭ জন শুধুমাত্র কলেজে হাজিরা দিয়েই যথারীতি বেতন-ভাতা উত্তোলন করে সরকারি অর্থের অপচয় করছেন। এ নিয়ে এলাকায় অভিজ্ঞ সচেতেন মহলে আলোচনা ও সমালোচনা লক্ষ্য করা যাচ্ছে। এ ব্যাপারে কলেজের বিজ্ঞান শাখার পদার্থ বিজ্ঞানের প্রর্দশক মোঃ তাহের আলমের সঙ্গে কথা বললে, তিনি মুখ খুলতে রাজি হননি। উক্ত প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গওছল আজমের সাথে কথা হলে তিনি জানান, কলেজের বিজ্ঞান শাখায় কোন শিক্ষার্থী ভর্তির জন্য সুপারিশপ্রাপ্ত বা ভর্তি না হওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। আগামীতে বিজ্ঞান শাখাটি যাতে শিক্ষার্থী শূন্য না থাকে সে ব্যাপারে প্রচেষ্টা চালানো হবে।