পুকুরের পানিতে ডুবে অকালে ঝরে গেল দুই কন্যা শিশুর প্রাণ

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ২ নভেম্বর, ২০২৬, ০৫:৪৮ পিএম
পুকুরের পানিতে ডুবে অকালে ঝরে গেল দুই কন্যা শিশুর প্রাণ

বাড়ির পাশেই খেলছিল দুই শিশু। বয়সের ব্যবধান মাত্র এক বছর। একসঙ্গে বেড়ে ওঠা, একসঙ্গে খেলা-সম্পর্কে তারা আপন দুই চাচাতো বোন। কিন্তু সেই খেলার শেষটা যে এমন নির্মম হবে, তা কল্পনাও করতে পারেননি পরিবারের কেউ। বাড়ির পেছনের পুকুরের পানিতে ডুবে অকালে ঝরে গেল দুই শিশুর প্রাণ। মুহূর্তেই আনন্দের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। দুই শিশুকে হারিয়ে স্তব্ধ হয়ে পড়েছে পরিবার।

সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বেলা পৌনে ১২টার মধ্যে নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বেড়িলাবাড়ি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো- বেড়িলাবাড়ি গ্রামের আনারুল ইসলামের মেয়ে আফিয়া খাতুন (৪) এবং সিরাজুল ইসলামের মেয়ে শিউলি আক্তার (৩)। সম্পর্কে তারা আপন দুই চাচাতো বোন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে বাড়ির পাশে একসঙ্গে খেলাধুলা করছিল শিশু দুটি। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত বাড়ির পেছনে আনারুল ইসলামের পুকুরের পানিতে পড়ে যায় তারা। এদিকে শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বেলা পৌনে ১২টার দিকে আফিয়ার মা আরিফা বেগম পুকুরে দুই শিশুকে ভাসতে দেখেন। পরে দ্রুত তাদের উদ্ধার করে রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।

একসঙ্গে দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার দুটিতে শোকের মাতম চলছে। যে বাড়ির আঙিনায় কিছুক্ষণ আগেও দুই শিশুর হাসি-খেলায় মুখরতা ছিল, সেখানে এখন স্বজনদের কান্না আর আহাজারি। একই পরিবারের দুই শিশুকে একসঙ্গে হারানোর এ শোক মেনে নিতে পারছেন না স্বজনেরা। হৃদয়বিদারক এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে শিশু দুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে