কালীগঞ্জে

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৬, ০২:২৭ পিএম
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহের কালীগঞ্জে পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার, জানাজা ও দাফন কার্যক্রমে স্বাধীনতাবিরোধীদের বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের কর্মসূচির অংশ হিসেবে কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান। দেশের স্বাধীনতা অর্জনে যাঁরা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, তাঁদের যথাযথ রাষ্ট্রীয় সম্মান ও মর্যাদা দেওয়া জাতির দায়িত্ব। বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার, জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনায় তাঁরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মো. সেকেন্দার আলী, যুগ্ম আহ্বায়ক মো. রইচ উদ্দিন এবং সদস্য সচিব মো. সফর হুমায়ুনসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা।

বক্তারা আরও বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনোভাবেই মুক্তিযুদ্ধের চেতনা ও বীর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মান ক্ষুণ্ন হতে দেওয়া যাবে না।

আপনার জেলার সংবাদ পড়তে