সীমান্ত এলাকা থেকে বিদেশী রিভলবার উদ্ধার

এফএনএস (সিলেট): | প্রকাশ: ২৯ আগস্ট, ২০২৫, ০৬:৫৮ এএম
সীমান্ত এলাকা থেকে বিদেশী রিভলবার উদ্ধার

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মাওলারপাড় সীমান্ত এলাকা থেকে একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোররাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবির সিলেট সদরদপ্তর থেকে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে একটি বিশেষ টহলদল মাওলারপাড় ব্রিজ সংলগ্ন এলাকায় কৌশলগত অবস্থান নেয়। পরবর্তীতে তল্লাশী অভিযানে রাত ২টা ৫০ মিনিটের দিকে ব্রিজের পশ্চিম পাশে বড়ই গাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী রিভলবার (মেড ইন ইউএসএ) উদ্ধার করা হয়।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও অস্ত্র-মাদক পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার অভিযান চালিয়ে বিদেশী অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে