ক্রীড়া ভাতা কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ৩০ মার্চ, ২০২৬, ১১:৪৬ এএম
ক্রীড়া ভাতা কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছবি, সংগৃহিত

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার জাতীয় ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন। 

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা হলে’ এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী খেলোয়াড়দের মাঝে ‘ক্রীড়া কার্ড’ বিতরণ কার্যক্রমেরও সূচনা করেন। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান করা হয়।

এবারের ক্রীড়া ভাতা কর্মসূচি বেতন কাঠামোর আওতায় বাস্তবায়ন করা হচ্ছে। কর্মসূচির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবারগুলোকে খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণে উৎসাহিত করা। খেলাধুলা যখন পেশা হবে, তখন পরিবারেও নিরাপত্তা আসবে। সেই লক্ষ্য নিয়েই আমরা জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের ভাতার আওতায় আনছি, বলেন তিনি।

প্রথম ধাপে ১২৯ জন ক্রীড়াবিদ অন্তর্ভুক্ত হলেও, খুব শিগগিরই এই সংখ্যা বাড়ানো হবে। এক সপ্তাহের মধ্যেই বিভিন্ন ডিসিপ্লিন থেকে আরও খেলোয়াড় যুক্ত করা হবে বলে জানানো হয়েছে, যেখানে প্রাথমিকভাবে প্রায় ৫০০ ক্রীড়াবিদকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। তুলনামূলকভাবে আর্থিকভাবে স্বচ্ছল হওয়ায় ক্রিকেটারদের এই তালিকায় রাখা হয়নি বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

সব খেলোয়াড়ের জন্য ভাতার পরিমাণ সমান থাকবে, যদিও নির্দিষ্ট অঙ্কটি উদ্বোধনী অনুষ্ঠানেই ঘোষণা করা হবে। প্রতি চার মাস অন্তর খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে, যা তাদের আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।

আপনার জেলার সংবাদ পড়তে