নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা ব্যারেজ-জলঢাকা মহাসড়কে গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত দল তাণ্ডব চালায়। এ সময় তারা শতাধিক গাড়ীতে ডাকাতি করে। (২৯ মার্চ) মধ্যরাতে উপজেলার দক্ষিণ ঝুনাগাছ চাপানি এলাকায় এ ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে ২০ থেকে ২৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল মহাসড়কে ব্যারিকেড সৃষ্টি করে ট্রাক, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনের গতি রোধ করে। পরে অস্ত্রের মুখে চালক ও যাত্রীদের জিম্মি করে অন্তত ৩৫টি মোবাইল ফোন ও প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা লুট করে নেয় । এ সময় কয়েকটি গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়। চালক-যাত্রীদের মারধরের ঘটনাও ঘটে। ভুক্তভোগী কয়েকজন চালক জানান,ডাকাতরা অস্ত্র উঁচিয়ে গাড়ি থামিয়ে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। যারা দ্রুত সাড়া দেয়নি, তাদের গাড়ির গ্লাস ভেঙে ফেলে এবং নির্বিচারে মারধর করে। স্থানীয়রা খবর পেয়ে দলবদ্ধভাবে ঘটনাস্থলে এগিয়ে গেলে ডাকাতরা দ্রুত এলাকা ত্যাগ করে । এ বিষয়ে ডিমলা থানার উপ-পরিদর্শক (এসআই) পরিতোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ভুক্তভোগীরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। এদিকে মহাসড়কে এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে। মহাসড়কে রাত্রীকালীন টহল জোরদার ও দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।