চাটমোহরে জ্বালানি তেল জব্দ, দুইজনের জরিমানা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৩০ মার্চ, ২০২৬, ০৪:২১ পিএম
চাটমোহরে জ্বালানি তেল জব্দ, দুইজনের জরিমানা

পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়ন রামচন্দ্রপুর গ্রামে অবৈধভাবে পেট্রল,ডিজেল ও অকটেন নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী দুইজন তেল ব্যবসায়ীর ২ হাজার ৪০০ লিটার জ্বালানী তেল আটক করে। খবর পেয়ে সন্ধ্যায় থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তেল জব্দ করে। রবিবার (২৯ মার্চ) বিকেল ৫টার দিকে এলাকাবাসী এই তেল আটক করেন। রাত ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী জব্দকৃত তেল চাটমোহরে এনে ন্যায্যমূল্যে খোলাবাজারে বিক্রির ব্যবস্থা করেন। রাত ১১টা পর্যন্ত মোটরসাইকেল চালদের কাছে এই তেল বিক্রি করা হয়। ক্রেতারা অভিযোগ করেন জব্দকৃত তেলও ভেজাল। ভেজাল তেল নিয়ে আসা হচ্ছিল। এই ভেজাল তেল বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করেন তারা। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তেল ব্যবসায়ী উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর গ্রামের আফজাল হোসেনের ছেলে মুকুল হোসেনকে ১০ হাজার টাকা ও গুনাইগাছা ইউনিয়নের জাবরকোল গ্রামের আজির উদ্দিনের ছেলে শামসুল আলমকে ৫ হাজার টাকা জরিমানা করেন।  জানা গেছে,উপজেলার চিনাভাতকুর বাজারের তেল ব্যবসায়ী মুকুল হোসেন ও চাটমোহর নতুন বাজার জারদিস মোড়ের তেল ব্যবসায়ী লিটনের তেল জাবরকোল গ্রামের শামসুল আলম নসিমন গাড়ি করে বাঘাবাড়ি এলাকা থেকে চাটমোহরে নিয়ে আসছিলেন। এসময় এলাকাবাসীর ড্রাম বোঝাই তেল দেখে সন্দেহ হলে তা আটক করে পুলিশে খবর দেন। থানার অফিসার ইনচার্জ গোলাম সরোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে আটককৃত জ্বালানি তেল জব্দ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী জব্দকৃত ডিজেল,পেট্টোল ও অকটেন ন্যায্যমূল্যে খোলাবাজারে বিক্রি করার পাশাপাশি দুইজনকে জরিমানা করেন। ইউএনও জানান,আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জ্বালানি তেল মজুত কিংবা পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কোথাও অবৈধভাবে পেট্রল,অকটেন ও ডিজেল মজুতের তথ্য থাকলে তিনি উপজেলা প্রশাসনকে জানিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে