মুন্সিগঞ্জের গজারিয়ায় এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে স্থানীয় একটি মসজিদ কমিটির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। আত্মরক্ষার্থে গৃহবধূর আঘাতে অভিযুক্ত ব্যক্তি আহত হয়ে বর্তমানে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। গত শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার বাউশিয়া ইউনিয়নের টেকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, টেকপাড়া পূর্বপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক হাতেম আলী (৫৫) জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার আশ্বাস দিয়ে ওই গৃহবধূর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন।শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গৃহবধূ রান্নাঘরের কাজ শেষে ঘরে ফিরলে সুযোগ বুঝে তিনি ঘরে প্রবেশ করেন। এ সময় পাশের কক্ষে সন্তানরা পড়াশোনা করছিল এবং ঘরে অন্য কেউ না থাকায় অভিযুক্ত ব্যক্তি গৃহবধূর মুখ চেপে ধরে শ্লীলতাহানির চেষ্টা চালান বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী গৃহবধূ জানান, পরিস্থিতি বেগতিক দেখে তিনি আত্মরক্ষার্থে হাতের কাছে থাকা একটি ব্লেড দিয়ে ওই পুরুষের গোপনাঙ্গে পোঁচ মারেন। এতে অভিযুক্ত ব্যক্তি আহত হয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে তিনি একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে আত্মগোপনে চলে যান। ঘটনাটি এলাকায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন এবং অভিযুক্তকে মসজিদ কমিটির দায়িত্ব থেকে অব্যাহতির দাবি জানিয়েছেন। এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার কথা বলে ঘরে প্রবেশ করে শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।