নড়াইলে পৃথক অভিযানে ৭,৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ

এফএনএস (মোঃ মাসুমার রহমান; কালিয়া, নড়াইল) :
| আপডেট: ৩১ মার্চ, ২০২৬, ০১:০৬ পিএম | প্রকাশ: ৩১ মার্চ, ২০২৬, ০১:০৫ পিএম
নড়াইলে পৃথক অভিযানে ৭,৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ

‎নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৩০ মার্চ) বিকেলে বারইপাড়া ফেরিঘাট ও কলাবাড়িয়া এলাকায় পরিচালিত এসব অভিযানে মোট ৭৪০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। এ সময় জড়িত দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

‎প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলামের নেতৃত্বে বারইপাড়া ফেরিঘাট এলাকায় অভিযান চালানো হয়। সেখানে পিন্টু শেখ (৫৫) নামে এক ব্যক্তির কাছ থেকে ৯টি ব্যারেলে রাখা প্রায় ১৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করে।

‎অন্যদিকে, একই দিনে সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস কলাবাড়িয়া এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে খায়রুল শেখ (৪৫) নামে আরেক ব্যক্তির কাছ থেকে ২৮টি ব্যারেলে সংরক্ষিত প্রায় ৫৬০০ লিটার ডিজেল জব্দ করেন। এ ঘটনায় তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জব্দকৃত ডিজেল সরকারি নির্ধারিত দামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। অবৈধভাবে জ্বালানি মজুত ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি সতর্ক করেন।

আপনার জেলার সংবাদ পড়তে