এবারের পহেলা বৈশাখে হবে মঙ্গল শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৩১ মার্চ, ২০২৬, ০৩:৪৫ পিএম
এবারের পহেলা বৈশাখে হবে মঙ্গল শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী

পহেলা বৈশাখ উদযাপনে এবার আবার মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এ কথা জানান।

মন্ত্রী বলেন, চারুকলার মঙ্গল শোভাযাত্রা এবং আনন্দ শোভাযাত্রার মধ্যে কোনো পার্থক্য নেই। পহেলা বৈশাখ সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে উদযাপিত একটি আনন্দের দিন। তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার মঙ্গল শোভাযাত্রাকে আনন্দ শোভাযাত্রা নাম দিয়েছিল, কিন্তু এর কোনো প্রয়োজন ছিল না। নাম নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, আমরা সেই পথে যাব না। এবারের শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা নামেই হবে।”

নিতাই রায় চৌধুরী আরও বলেন, অন্তর্বর্তী সরকার যেটা ভুল করেছে সেটা আমরা জানি, যা ভালো করেছে সেটা থেকেও আমরা ধন্যবাদ জানাই। তবে মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে ‘আনন্দ শোভাযাত্রা’ নামকরণ করা প্রয়োজন ছিল না। নামকরণের এই বিতর্ক দেশের জন্য অনর্থক ও বিভাজন সৃষ্টিকারী।

মন্ত্রী জানিয়েছেন, এবারের পহেলা বৈশাখ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হবে। এ জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, বাংলা একাডেমি, নৃতাত্ত্বিক গোষ্ঠী, আইনশৃঙ্খলা বাহিনীসহ সব অংশগ্রহণকারীর সঙ্গে সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন, এবারের উদযাপনে অপসংস্কৃতি বা জীবনবিমুখ কোনো কর্মকাণ্ড থাকবে না। দেশের বিভিন্ন স্থানে শোভাযাত্রা, আলপনা, গানবাজনা এবং মেলা অনুষ্ঠিত হবে।

আপনার জেলার সংবাদ পড়তে