শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত প্রতিবেদন: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৩১ মার্চ, ২০২৬, ০৪:০৯ পিএম
শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত প্রতিবেদন: চিফ প্রসিকিউটর

২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের মামলার তদন্ত এখন শেষ পর্যায়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, খুব শিগগিরই এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

মঙ্গলবার (৩১ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলায় পুলিশের সাবেক উপমহাপরিদর্শক আব্দুল জলিল মন্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর বলেন, “শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। দ্রুতই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।”

তিনি আরও বলেন, এই ঘটনায় তদন্তের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা পদমর্যাদা বিবেচনায় ছাড় দেওয়া হবে না। “রাষ্ট্রের প্রধান ব্যক্তি হলেও, কিংবা পিয়ন হলেও, তদন্ত থেকে কেউ বাদ পড়বে না,” বলে মন্তব্য করেন তিনি।

চিফ প্রসিকিউটর জানান, অতীতে সংঘটিত সব ক্রসফায়ারের ঘটনাও যাচাই-বাছাই করে ট্রাইব্যুনালের আওতায় আনা হবে। একই সঙ্গে ওয়ান ইলেভেন সময়ের মানবতাবিরোধী অপরাধের সঙ্গেও যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এই বক্তব্যের মাধ্যমে তিনি ইঙ্গিত দেন, অতীতের বিতর্কিত ঘটনাগুলোর বিচার প্রক্রিয়াকে আরও বিস্তৃত পরিসরে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। তদন্ত শেষ হলে শাপলা চত্বরের ঘটনার প্রকৃত চিত্র সামনে আসবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

আপনার জেলার সংবাদ পড়তে