রংপুরে নকল ব্যান্ডরোল রাখার অভিযোগ দুইজনের ১৪ বছর কারাদণ্ড

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) :
| আপডেট: ৩১ মার্চ, ২০২৬, ০৬:০২ পিএম | প্রকাশ: ৩১ মার্চ, ২০২৬, ০৬:০২ পিএম
রংপুরে নকল ব্যান্ডরোল রাখার অভিযোগ দুইজনের ১৪ বছর কারাদণ্ড

রংপুরে নকল ব্যান্ডরোল রাখার অভিযোগে দুই আসামিকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) রংপুর মহানগর দায়রা জজ আদালত এ রায় দেন।

‌দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, রংপুরের ‌হারাগাছ এলাকার সারাই বাচ্চাটারীর ‌ মৃত তমিজ উদ্দিনের ছেলে রেজাউল করিম (৪০) এবং ‌ মকদুম আলীর ছেলে মেহেরুল ইসলাম সাদ্দাম (৩১)।

আদালত সূত্রে জানা যায়, কোতোয়ালী থানার মামলা নং-৩০, তারিখ ১১/০১/২০২১ ইং, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ২৫-এ(বি) ধারায় দায়েরকৃত মামলার জি আর নং-৩০/২১ (কোতোয়ালী) এবং স্পেশাল ট্রাইব্যুনাল মামলা নং-৬০/২৫-এর বিচার শেষে এ রায় ঘোষণা করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, গ্রেফতারকৃত আসামী মোঃ রেজাউল (৪৩) ও মোঃ মেহেরুল ইসলাম  সাদ্দাম (৩১)-এর নিকট থেকে ২টি কার্টুনে রাখা ৪ হাজার পাতা নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়, যার মোট মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা নির্ধারণ করা হয়।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর মোঃ আব্দুল হাদী বেলাল আদালতে অভিযোগ প্রমাণে সক্ষম হলে বিচারক মোঃ মশিউর রহমান খান আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে মর্মে রায় দেন।

রায়ে উভয় আসামীকে দোষী সাব্যস্ত করে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে