চার দিনের সফর শেষে ঢাকায় ফিরলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১ এপ্রিল, ২০২৬, ১২:১৪ পিএম
চার দিনের সফর শেষে ঢাকায় ফিরলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

নিজ জেলা পাবনায় চার দিনের সরকারি সফর শেষে ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে পাবনা ক্যাডেট কলেজ মাঠের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে তিনি বঙ্গভবনের উদ্দেশে রওনা দেন। পরে বিমান বাহিনীর ভিভিআইপি হেলিকপ্টারটি ঢাকায় পৌঁছায়।

এর আগে শনিবার (২৮ মার্চ) দুপুরে বঙ্গভবন থেকে রওনা হয়ে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণের মধ্য দিয়ে সফর শুরু করেন রাষ্ট্রপতি। সেখানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ফুল দিয়ে তাকে স্বাগত জানান। পরে তিনি সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করেন এবং সুধীজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সফরের দ্বিতীয় দিন রোববার (২৯ মার্চ) রাষ্ট্রপতি পাবনা সদর উপজেলার আরিফপুর কেন্দ্রীয় গোরস্থানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেন। সেখানে কিছুক্ষণ নীরবে দোয়া ও মোনাজাতে অংশ নেন এবং উপস্থিত স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন। একই দিন সন্ধ্যায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। তবে এ সময় সফর কাভারেজ নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে কিছুটা জটিলতা তৈরি হয় বলে জানা গেছে।

সোমবার (৩০ মার্চ) তিনি ভবানীপুর মসজিদ পরিদর্শন করেন এবং নিজ বাসভবনে আত্মীয়-স্বজনদের সঙ্গে সময় কাটান। এ ছাড়া পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি। বৈঠকে জেলার উন্নয়ন ও প্রায় পাঁচ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ সম্পর্কে তাকে অবহিত করা হয়। রাষ্ট্রপতি এসব উদ্যোগে সন্তোষ প্রকাশ করে জেলার সম্ভাবনাময় খাতগুলো কাজে লাগানোর আহ্বান জানান।

একই সময়ে ঈশ্বরদী প্রেসক্লাবের একটি প্রতিনিধি দলও তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। সফরকালে তিনি পাবনা সদরের চরভবানিপুরে একটি শাহী জামে মসজিদের নির্মাণ কাজের অগ্রগতিও পরিদর্শন করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানান, সফরে রাষ্ট্রপতির স্ত্রী ড. রেবেকা সুলতানা, পরিবারের সদস্য এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন। এটি ছিল রাষ্ট্রপতির চতুর্থ পাবনা সফর।

পুরো সফরজুড়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা।

আপনার জেলার সংবাদ পড়তে