সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ঘণ্টায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১ এপ্রিল, ২০২৬, ১২:৩৬ পিএম
সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ঘণ্টায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

দেশের চার অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা করেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১ এপ্রিল) দেওয়া এক বিশেষ পূর্বাভাসে রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের জন্য এই সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা দমকা কিংবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এর আগে একই দিনে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল। সে সময় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখানোর নির্দেশ ছিল।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়, “অস্থায়ীভাবে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।” একই সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়ার কারণে নৌ চলাচলে ঝুঁকি তৈরি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে প্রকাশিত আরেক পূর্বাভাসে জানানো হয়, বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে, যাতে সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো যায়।

আপনার জেলার সংবাদ পড়তে