ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ডোনাল্ড ট্রাম্প

এফএনএস অনলাইন ডেস্ক: | প্রকাশ: ১ এপ্রিল, ২০২৬, ১২:৪২ পিএম
ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ডোনাল্ড ট্রাম্প
ছবি, সংগৃহিত

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বুধবার (১ এপ্রিল) রাতে ট্রাম্প বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট। অর্থাৎ বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টায় ভাষণটি দেবেন তিনি।

সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় লিভিট জানান, বুধবার রাত ৯টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার বেলা ১১টায়) ট্রাম্পের এ ভাষণ প্রচারিত হবে। তবে তিনি কী ঘোষণা দিতে পারেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। খবর এনবিসি নিউজের। 

এর আগে স্থানীয় সময় মঙ্গলবার (৩১ মার্চ) সকালে এনবিসি নিউজকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা খুব ভালো অবস্থানে আছি এবং ইরান সংঘাত শেষের পথে। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ইরান থেকে সরে আসতে পারে। একই সঙ্গে তিনি বলেন, যুদ্ধ শেষ করতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তি অপরিহার্য নয়।

তবে এর আগের দিনই ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে এবং অগ্রগতি হয়েছে। পাশাপাশি, যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়ে সমঝোতা না হলে ইরানের অবকাঠামোতে হামলার হুঁশিয়ারিও দেন তিনি। যদিও ইরান সরকার স্পষ্টভাবে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা চলছে না।

এদিকে, ফেব্রুয়ারি ২৮ থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার পর সংঘাত এখন দ্বিতীয় মাসে প্রবেশ করেছে। এক মার্কিন কর্মকর্তার তথ্যমতে, এ সময়ের মধ্যে ১৩ জন মার্কিন সেনা নিহত এবং প্রায় ৩৫০ জন আহত হয়েছেন।

চলমান সংঘাতের প্রভাব যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও পড়ছে। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ অর্থনৈতিক চাপ অনুভব করছেন। মঙ্গলবার দেশটিতে প্রতি গ্যালন জ্বালানির গড় মূল্য ৪ ডলার ছাড়িয়েছে, যা ২০২২ সালের পর সর্বোচ্চ। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল সরবরাহ হয়। ইরানের নিয়ন্ত্রণের কারণে এ পথ সরবরাহে প্রভাব পড়ছে।

জনমত জরিপে দেখা গেছে, জ্বালানির মূল্যবৃদ্ধি ও অর্থনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে ট্রাম্পের পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করছেন অনেক মার্কিন ভোটার।

আপনার জেলার সংবাদ পড়তে