রংপুরে সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কমসূচির অংশ হিসাবে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে রংপুর-বড়বাড়ি-কুড়িগ্রাম (এন-৫০৬) জাতীয় মহাসড়কের নব্দীগঞ্জে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। রংপুর জেলা প্রশাসন এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সড়ক ও জনপথ অধিদপ্তর যৌথভাবে এই বৃক্ষরোপণ কার্যক্রমের আয়োজন করে। উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, বৃক্ষ থেকে আমরা বেঁচে থাকার জন্য অক্সিজেন ফুল-ফল, খাদ্য ও বিভিন্ন সামগ্রী পেয়ে থাকি। এছাড়াও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নাই। এজন্য তিনি বেশি বেশি বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধকরণ প্রসঙ্গে তিনি বলেন, বৃক্ষরোপণ কেবল গাছ লাগানো নয়, বরং দুর্যোগ মোকাবিলা ও সবুজ ভবিষ্যৎ গড়তে একটি অপরিহার্য সামাজিক আন্দোলন। এই আন্দোলনে কোমলমতি শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হলে, তাদের বৃক্ষরোপণ বান্ধব মানসিকতা তৈরি হবে। ফলশ্রুতিতে শিক্ষার্থীরা নিজস্ব উদ্যোগে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ হবে। পরিবেশ সুরক্ষায় তিনি শিক্ষার্থীদের বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান অনুষ্ঠানে রংপুর বন বিভাগের উপ-বন সংরক্ষক মো. নূরুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামানসহ সরকারি কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।