ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি হত্যার প্রধান সহযোগী সঞ্জয় চিসিমের (২২) জামিন আবেদন আজ বুধবার নামঞ্জুর করেছেন আদালত। বিচারক মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে আবেদন নামঞ্জুর করেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আসামির আইনজীবী জামিনের আবেদন করেন।
ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ জানান, সঞ্জয় চিসিম মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ (৩৭) ও তার সহযোগী অজ্ঞাতনামা আসামিকে অবৈধভাবে ভারতে পালাতে সাহায্য করেছে। সাক্ষ্য, প্রমাণ ও প্রযুক্তিগত তথ্যের মাধ্যমে এই বিষয় নিশ্চিত করা হয়েছে।
গত ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে পল্টন থানাধীন বক্স কালভার্ট রোডে দুষ্কৃতিকারীরা শরিফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের পল্টন থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ১২০(বি)/৩২৬/৩০৭/১০৯/৩৪ ধারায় অভিযোগ আনা হয়। পরে ২০ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদন অনুযায়ী ৩০২ ধারা (হত্যা) সংযোজনের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ।
মামলার বিবরণে জানা যায়, ১২ ডিসেম্বর দুপুরে মতিঝিল মসজিদ থেকে জুমার নামাজ শেষে শরিফ ওসমান হাদি সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন। পথে পল্টন থানাধীন বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে থাকা আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী ওসমান হাদিকে পেছন থেকে অনুসরণ করে এবং চলন্ত অবস্থায় গুলি করে পালিয়ে যায়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার এম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। এরপর ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।