চিফ হুইপ নূরুল ইসলাম মনি আজ বুধবার জাতীয় সংসদের সংসদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন, সংবিধান সংশোধন বিষয়ে অচিরেই একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হবে।
তিনি বলেন, সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি হবে। সেখানে সব দলের প্রতিনিধি রাখতে চায় আনুপাতিক হারে। স্বতন্ত্র থেকেও আমরা রাখতে চাই। সকলের মতামতকে নিয়ে সংবিধান সংশোধনের জন্য একটি কমিটি অচিরেই করব।
তিনি জানান, আগামী রোববারের মধ্যে আপনারা দেখবেন হয়ত। খুব শিগগিরই একটা করবো।
কত সদস্যের কমিটি করা হবে এমন প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, এটা একটা উদ্ভূত পরিস্থিতি। এখানে সরকারি দলের যারা আইন বিশেষজ্ঞ আছেন, তাদের রাখতে চায়। বিরোধী দলের যারা আইন বিশেষজ্ঞ আছেন তাদের রাখতে চায়। আইন বিশেষজ্ঞ না থাকলে অন্যান্য দলের প্রতিনিধি রাখতে চায়। সবমিলিয়ে ২০ বা ১৮ বা ১৫ সদস্যের কমিটি করতে চায়। এটা নির্দিষ্ট না। সংবিধান সংশোধনের বিষয়ে তিনি বলেন, সংবিধান সংশোধনকে এমন পর্যায়ে নিতে চায়, যাতে বারবার আমাদের কাঁচি চালাতে না হয়।
সংবিধান সংশোধনে বিশেষ কমিটি করলে বিরোধী দল থাকবে না এমন বক্তব্য প্রসঙ্গে চিফ হুইপ বলেন, তাদের এ অবস্থান সঠিক হবে না। আজ বা কাল হোক সংবিধান সংশোধন আমাদের করতেই হবে। সংবিধান সংশোধন কমিটিতে তাদের আমরা চায়। এক হাতে যেমন হ্যান্ডশেক হয় না, কাঁচির একটা অংশ দিয়ে যেমন চুল কাটা যাবে না, দুটোই লাগবে। আমরা সেটাই চায় ওনারা থাকুক। তারা কমিটিতে থাকবেন বলে আমরা আশাকরি। চূড়ান্তভাবে তারা থাকবেন বলে আমরা আশাকরি। কারণ সংবিধান সংশোধন ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। জুলাই সনদ অনুযায়ী এটা করা উচিত। এটা আমরা দেশের জন্যই করবো। এতেতো প্রধানমন্ত্রী তারেক রহমান বা আমার কোন বিশেষ সুবিধা হবে? ওনার বিশেষ কোন ক্ষতি হবে? যেটা দেশের জনগণের কল্যাণে হবে তাতে দ্বিমত করার কিছু আছে বলে মনে করি না।
সরকারি দল সংসদকে কার্যকর করতে চায় বলে জানান চিফ হুইপ। তিনি বলেন, সংসদের মাধ্যমে দেশের সব সমস্যার সমাধান করতে চায়।