চলতি বছরে সারাদেশের হাসপাতালগুলোতে হামে আক্রান্ত হয়ে অন্তত ৬৭৬ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে মৃত্যুবরণ করেছে অন্তত ৪১ জন। এই উদ্বেগজনক পরিস্থিতিতে বাসদ (মার্কসবাদী) দলের সমন্বয়ক কমরেড মাসুদ রানা এক বিবৃতিতে বলেন, “ঢাকা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, ময়মনসিংহ, চাঁদপুর, শরিয়তপুর, নোয়াখালীসহ সারাদেশে বিভিন্ন জেলাগুলোতে আশঙ্কাজনক হারে এই রোগ ছড়িয়ে পড়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩০ জন শিশু মৃত্যুবরণ করেছে। রাজধানী ঢাকার মহাখালীর সংক্রামকব্যাধি হাসপাতালে চলতি মাসের ২৯ দিনেই ভর্তি হয়েছে ৪৪৮ জন। যেখানে গত বছরজুড়ে ছিলো মাত্র ৬৯ জন। হাম খুবই সংক্রামক, যা দ্রুত ছড়িয়ে পরে। অতিদ্রুত ব্যবস্থা না নিলে এই রোগ আরও ছড়িয়ে পড়বে, শিশুমৃত্যুও বাড়বে।” তিনি আরও বলেন, “সংক্রমণ বাড়ছে কিন্তু হাসপাতালগুলোতে সরকারের তরফে তৎপরতা বাড়েনি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ-এর অভাবে আক্রান্ত শিশুরা মারা গেছে। মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল ১০০ শয্যার, যার মধ্যে হামের জন্য নির্ধারিত মাত্র ৮টি শয্যা। অথচ ২৯ মার্চ সেখানে রোগী ছিলো ১১৭ জন। হাসপাতালের মেঝেতেই আত্মীয়-পরিজনরা শিশুদের নিয়ে থাকছেন, চিকিৎসা নিচ্ছেন। অত্যন্ত উদ্বেগের বিষয়, গত কয়েক বছর ধরেই শিশুদের টিকা দেয়ার হার কমানো হচ্ছিল এবং ২০২৫ সালে এটি ৬০ শতাংশের নিচে নামে। ফলে লক্ষ লক্ষ শিশু টিকা সুরক্ষা পায়নি। সরকার সময়মত টিকা সংগ্রহ না করে লক্ষ লক্ষ শিশুর জীবনকে হুমকির মধ্যে ফেলেছে। সরকারের স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন জানিয়েছেন, সরকারি সংগ্রহে হামের টিকা নেই।” আমরা এই উদ্বেগজনক পরিস্থিতিতে সরকারকে জরুরী ভিত্তিতে পদক্ষেপ নেয়ার দাবি জানাচ্ছি।