ঝিনাইদহের শৈলকুপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিতা-পুত্রকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। ঘটনাটি বুধবার দুপুরে পৌরসভার ক্ষুদের মোড় এলাকায় ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মানিক মন্ডল ও তার পুত্র লিমন হোসেন। তারা দুজনেই কাজীপাড়া গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শী হোসেন আলী ও আলিম উদ্দীনসহ স্থানীয়রা জানায়, পৌরসভার জামসেদপুর গ্রামের বাসিন্দা মিজানের স্ত্রী জেসমিন খাতুন ললিতমোহন ভূইয়া স্কুলসংলগ্ন একটি দোকান থেকে চিপস ক্রয় করেন। এ সময় তিনি ১০০ টাকার নোট দিলে দোকানদার ৯০ টাকা ফেরত দেন। ফেরত টাকার মধ্যে একটি ২০ টাকার নোট অগ্রহণযোগ্য দাবি করে তা পরিবর্তনের অনুরোধ জানান তিনি। তবে দোকানদার বিকল্প টাকা না থাকায় তা নিতে অনুরোধ করেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরবর্তীতে ওই নারী তার স্বামী, ছেলে এবং বহিরাগতদের নিয়ে এসে দোকানে আকস্মিক হামলা চালায়। হামলাকারীরা দোকানদার মানিক মন্ডলকে মারধর করে এবং তার ছেলে লিমন হোসেনকে পেটে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি দেখে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করেন।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অপরদিকে অভিযুক্ত জেসমিন খাতুন ও তার পরিবারের সদস্যরা ঘটনার পরপরই বাড়িতে তালা দিয়ে আত্মগোপনে চলে গেছে বলে জানা গেছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।