নীলফামারীর কিশোরগঞ্জে জুসের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা করা হয়। এ সময় 'অজ্ঞান পার্টি'র তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১ এপ্রিল রাতে উপজেলার মাগুড়া ইউনিয়নের দক্ষিণ সিঙ্গেরগাড়ী এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সৈয়দপুর পৌরসভার মুন্সি পাড়া এলাকার নিরব ইসলাম (৩৮), তার স্ত্রী রুপা আক্তার (৩৫) এবং একই এলাকার রেশমা বেগম (২০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সন্ধ্যায় ওই তিন ব্যক্তি যাত্রীবেশে একটি ইজিবাইক ভাড়া করেন। পথে চালককে কৌশলে জুস খাইয়ে অচেতন করে ইজিবাইকটি ছিনতাইয়ের চেষ্টা চালানো হয় । এ সময় চালকের শারীরিক অবস্থা দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে তারা চালককে উদ্ধার করে এবং ওই তিনজনকে আটকে রেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে । কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নীলফামারীর বিভিন্ন এলাকায় সক্রিয় একটি অজ্ঞান পার্টির সদস্য। তারা যাত্রী সেজে ইজিবাইকে উঠে চালকদের বিশ্বাস অর্জন করেন এবং পরে পানীয় বা খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে সর্বস্ব লুট করে নিতেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।