বগুড়ায় ফতেহ আলী বাজার কাঁচামাল ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনকে কেন্দ্র করে সংঘটিত হামলার ঘটনায় গুরুতর আহত সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলাল শেখ (৪৬), ওরফে আলাল কসাই মারা গেছেন। শুক্রবার (৩ এপ্রিল) ভোররাত প্রায় ৪টার দিকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত আলাল শেখ বগুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চকসূত্রাপুর পশ্চিম পাড়ার বাসিন্দা এবং সিদ্দিকুর রহমান মেরু কসাইয়ের ছেলে। তিনি ফতেহ আলী বাজার কাঁচামাল ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে ‘হরিণ’ প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বাজার সমিতির নির্বাচনে ভোট দিতে ফতেহ আলী বাজারে যান আলাল শেখ। এ সময় প্রতিপক্ষের কয়েকজন তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে লাঠি, হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে আঘাত করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায় বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। টানা ছয়দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শুক্রবার ভোরে তিনি মারা যান। ঘটনার পর নিহতের বাবা সিদ্দিকুর রহমান মেরু শেখ বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মামলার তদন্ত শুরু করে অভিযান চালায়। এ পর্যন্ত চারজন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আলাল কসাইয়ের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা ছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক ধারণা, বাজার সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ থেকেই এই হামলার ঘটনা ঘটেছে। এদিকে নিহতের মরদেহ বর্তমানে শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।