দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে জ্বালানি তেলের সংকট কেবল বাংলাদেশের নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা। তবে জনগণের প্রতি দায়বদ্ধতার কথা চিন্তা করে বর্তমান সরকার দেশে এখন পর্যন্ত জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেনি। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাটে 'রিভল' প্রকল্পের আওতায় প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে চর কুলাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চারতলা বিশিষ্ট দুর্যোগ সহনীয় বন্যা আশ্রয়কেন্দ্রের নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ত্রানমন্ত্রী দুলু বলেন, মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি খাতে চাপ সৃষ্টি হয়েছে। দেশে জ্বালানি তেলের সংকটের পাশাপাশি কিছু অসাধু চক্র কৃত্রিম সংকটও তৈরি করছে। অনেকে তেল মজুদ করে রাখছে, যা এই সময়ে অত্যন্ত অনৈতিক।
তিনি আরও বলেন, জ্বালানি সাশ্রয়ে সরকার ইতিমধ্যে নানা পদক্ষেপ নিয়েছে। যার মধ্যে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ বাতিল এবং সরকারি জ্বালানি সরবরাহ ৩০ শতাংশ কমিয়ে আনার মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংকট মোকাবিলায় তিনি সকলকে ধৈর্য ধরার ও সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান। প্রাকৃতিক দুর্যোগে নদীপাড়ের মানুষের ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নদীপাড়ের মানুষ। তাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই আধুনিক আশ্রয়ণ প্রকল্প। মন্ত্রী বলেন, এই ভবনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা বন্যার সময় আশ্রয়কেন্দ্র এবং সাধারণ সময়ে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহৃত হবে। প্রকল্পের আওতায় জেলায় মোট ২৩টি বিদ্যালয়কে একইভাবে আধুনিক ও স্থিতিস্থাপক অবকাঠামো হিসেবে গড়ে তোলা হচ্ছে। বক্তব্যের শেষে মন্ত্রী পুনর্ব্যক্ত করেন যে, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে স্থানীয় উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। এ সময় এই আধুনিক অবকাঠামো নির্মাণের ফলে চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকার মানুষের দুর্যোগকালীন ঝুঁকি অনেকাংশে হ্রাস পাবে এবং শিশুদের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন। এর আগে মন্ত্রী একই উপজেলায় মোগলহাট ইউনিয়নের ইটাপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আরও একটি আশ্রয়ণ প্রকল্পের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লালমনিরহাটের জেলা প্রশাসক রাশেদুল ইসলাম প্রধান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক এবং এলজিইডির নির্বাহী প্রকৌশলী। এছাড়া স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।