গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্দেশনার আলোকে নির্বাচনী আসনভিত্তিক এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩ এপ্রিল ) পলাশবাড়ী ফাজিল ডিগ্রি মাদ্রাসার হলরুমে এ সভা আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমীর ও কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সাখাওয়াত হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতের আমীর ও গাইবান্ধা-২ (গাইবান্ধা সদর ) আসনের সংসদ সদস্য জননেতা আব্দুল করিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দলকে সুসংগঠিত করতে হলে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রতিটি ইউনিটকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং জনগণের আস্থা অর্জনের মাধ্যমে ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে যেতে হবে।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু মাওলানা। তিনি বলেন, “জনগণের কল্যাণে কাজ করার মাধ্যমেই একটি দল মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারে। তাই জনগণের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে আন্তরিক ভূমিকা রাখতে হবে।” এছাড়াও বক্তব্য রাখেন গাইবান্ধা পৌর জামায়াতের আমীর ও জেলা সুরা এবং কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফেরদৌস আলম, সাদুল্লাপুর উপজেলা আমীর এরশাদুল হক ইমন এবং উপজেলা সেক্রেটারি সিরাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে সাংগঠনিক শক্তি বৃদ্ধি, নির্বাচনকে কেন্দ্র করে কৌশল নির্ধারণ এবং তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। সভায় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং আসন্ন নির্বাচনী কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।