কেশবপুরে ভেজাল দুধ তৈরি, ২ জনকে জরিমানা

এফএনএস (জয়দেব চক্রবর্তী; কেশবপুর, যশোর) : | প্রকাশ: ৬ এপ্রিল, ২০২৬, ০৭:০৭ পিএম
কেশবপুরে ভেজাল দুধ তৈরি, ২ জনকে জরিমানা

যশোরের কেশবপুরে গরুর দুধে জেলি, তেল ও সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরি করার অপরাধে দুইজনকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের ভেরচি গ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে অসাধু ব্যবসায়ীদের ওই জরিমানা করেন। এ সময় ভেজাল দুধ তৈরির উপকরণ বিনষ্ট করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ভেরচি গ্রামে একটি চক্র গরুর দুধে জেলি, তেল ও সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার দুধের কারখানায় র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় অপু ঘোষের কারখানায় অভিযান পরিচালনাকালে ভেজাল দুধ উৎপাদনের সত্যতা পায়। এ ছাড়া গোবিন্দ ঘোষের দুধের কারখানায় দুধে পানি মিশিয়ে পরিমাণ বাড়ানো হচ্ছিল। যশোর জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সেলিমুজ্জামান ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে গরুর দুধে জেলি, তেল ও সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরির অপরাধে অপু ঘোষকে ২ লাখ টাকা জরিমানা ও দুধে পানি মেশানোর অপরাধে গোবিন্দ ঘোষকে ৫ হাজার টাকা জরিমানা করেন। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স,উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শুশান্ত কুমার।  এ সময় অভিযানে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরির উপকরণ জনসম্মুখে বিনষ্ট করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে