পুলিশে বড় রদবদল, অ্যাডিশনাল ডিআইজিসহ ৭ কর্মকর্তা বদলি

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ৭ এপ্রিল, ২০২৬, ১১:৩৫ এএম | প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৬, ১১:৩৫ এএম
পুলিশে বড় রদবদল, অ্যাডিশনাল ডিআইজিসহ ৭ কর্মকর্তা বদলি

পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে একযোগে রদবদল করা হয়েছে। অতিরিক্ত উপমহাপরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তাসহ মোট সাতজনকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (৬ এপ্রিল) পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ বদলির নির্দেশ জারি হয়।

অফিস আদেশ অনুযায়ী, অতিরিক্ত উপমহাপরিদর্শক রায়হান উদ্দিন খানকে পুলিশ সদর দপ্তরের পারসোনাল ম্যানেজমেন্ট-১ শাখায় বদলি করা হয়েছে। একই শাখায় দায়িত্বে থাকা খন্দকার শামীমা ইয়াছমিনকে স্থানান্তর করা হয়েছে রিপেয়ার অ্যান্ড মেইনটেইন্যান্স শাখায়।

ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন ইউনিটেও এসেছে পরিবর্তন। সচিবালয় নিরাপত্তা বিভাগের অতিরিক্ত উপকমিশনার আব্দুল কাদেরকে ডিবি তেজগাঁও বিভাগে বদলি করা হয়েছে। প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেইন্যান্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. খালিদ বোরহানকে পাঠানো হয়েছে ট্রাফিক বিভাগে।

এছাড়া অতিরিক্ত উপকমিশনার আমেনা আক্তারকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পশ্চিম বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে। একই বিভাগের শারমিন আক্তার চুমকিকে সচিবালয় নিরাপত্তা বিভাগে স্থানান্তর করা হয়েছে। আর অতিরিক্ত উপকমিশনার অরিত সরকারকে দেওয়া হয়েছে প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেইন্যান্স বিভাগের দায়িত্ব।

পুলিশ প্রশাসনের দায়িত্ব বণ্টনে এ ধরনের রদবদল নিয়মিত প্রক্রিয়ার অংশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে বিভিন্ন ইউনিটে কাজের গতি বাড়ানোর পাশাপাশি প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে ধারণা করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে