গণভোটের রায় বাস্তবায়নে মাঠে নামছে ১১ দল, সপ্তাহজুড়ে কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৬, ০৩:০০ পিএম
গণভোটের রায় বাস্তবায়নে মাঠে নামছে ১১ দল, সপ্তাহজুড়ে কর্মসূচি

গণভোটের রায় কার্যকর করার দাবিতে দেশজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। আগামী বৃহস্পতিবার (০৯ এপ্রিল) থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় গণসংযোগ, লিফলেট বিতরণ, বিক্ষোভ সমাবেশ ও সেমিনার আয়োজন করা হবে।

মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জোটের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মাওলানা মামুনুল হক। তিনি বলেন, “গত নির্বাচনে প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সরকার এই রায় বাস্তবায়নে ছলচাতুরি ও কালক্ষেপণ করছে। এতে জনগণের ম্যান্ডেটকে উপহাস করা হচ্ছে।”

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ঐক্যমতের ভিত্তিতে যে সংস্কার প্রস্তাব ও অধ্যাদেশ তৈরি হয়েছিল, সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রায় ২০টি অধ্যাদেশ পাস না করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। এই সিদ্ধান্তকে ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা’ বলেও মন্তব্য করেন তিনি।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বিকেল ৫টায় রাজধানীর শাহবাগে গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হবে। এরপর ৯ এপ্রিল থেকে পরবর্তী এক সপ্তাহ দেশব্যাপী একই কর্মসূচি চলবে। শুক্রবার (১১ এপ্রিল) দেশের সব মহানগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। শনিবার (১২ এপ্রিল) সব জেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। আর রোববার (১৩ এপ্রিল) ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে একটি জাতীয় সেমিনার আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সংবাদ সম্মেলনে জোটের নেতারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। “আমরা যেকোনো মূল্যে এই দাবি আদায় করব। ফ্যাসিবাদকে আর ফিরে আসতে দেওয়া হবে না,” বলেন মামুনুল হক।

বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি অভিযোগ করেন, জ্বালানি সংকটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং প্রশাসনিক অব্যবস্থাপনার কারণে মানুষের ভোগান্তি বাড়ছে। পাশাপাশি বাতিল হওয়া আইসিটি আইনের অপপ্রয়োগ করে বিরোধীদলীয় নেতাকর্মীদের হয়রানির অভিযোগও তোলেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

আপনার জেলার সংবাদ পড়তে