চট্টগ্রামে হত্যা মামলা, হাছান-নওফেলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৬, ০৩:৪৫ পিএম
চট্টগ্রামে হত্যা মামলা, হাছান-নওফেলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে ছয়জনকে হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী এর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মামলায় চারজন আসামি ইতোমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম ও মো. ফিরোজ। ট্রাইব্যুনাল তাদের আগামী ১৯ এপ্রিল আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে।

অন্যদিকে, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তাদের মধ্যে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীনসহ আরও অনেকে।

প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, এই মামলায় তিনটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যার বিষয়টি উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে তানভীর সিদ্দিকী, সায়মন ওরফে মাহিম এবং হৃদয় চন্দ্রকে হত্যার দায় আনা হয়েছে। তৃতীয় অভিযোগে শতাধিক ছাত্র-জনতাকে গুরুতর আহত করার অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম বলেন, “দীর্ঘ তদন্ত শেষে আমরা আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পেয়েছি। তাদের উসকানি, নির্দেশনা ও প্রত্যক্ষ-পরোক্ষ অংশগ্রহণে চট্টগ্রামে ছয়জন নিহত হন।”

তিনি আরও বলেন, “ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন এবং প্রাথমিকভাবে অপরাধের প্রমাণ পাওয়া গেছে। আমরা আশা করছি, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগগুলো প্রমাণ করতে সক্ষম হব।”

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হয়। দীর্ঘ তদন্ত শেষে রোববার (৫ এপ্রিল) ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

মামলাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে বিচার প্রক্রিয়ার দিকে নজর রাখছেন সংশ্লিষ্টরা।

আপনার জেলার সংবাদ পড়তে