আটোয়ারীতে আসন্ন এসএসসি পরীক্ষা উপলক্ষে মতবিনিময় সভা

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) : | প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৬, ০৭:২৩ পিএম
আটোয়ারীতে আসন্ন এসএসসি পরীক্ষা উপলক্ষে মতবিনিময় সভা

পঞ্চগড়ের আটোয়ারীতে আসন্ন এসএসসি পরীক্ষা-২০২৬ সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ। এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন দিনাজপুর শিক্ষা বোর্ডের হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ ফারুক হোসেন। অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে আলোচক ছিলেন দিনাজপুর শিক্ষা বোর্ডের সহকারী সচিব লাবন্য প্রভা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান। অন্যান্যের মধ্যে আলোচনা করেন সহকারী শিক্ষক (অবসরপ্রাপ্ত) পইম উদ্দীন আহাম্মেদ, প্রধান শিক্ষক মোঃ তরিকুল ইসলাম (অবসরপ্রাপ্ত), মোঃ তরিকুল ইসলাম, মোঃ শাহিদুল জব্বার শাহীন ও মোঃ জহিরুল ইসলাম এবং সহকারী শিক্ষক তারামোহন বর্মন প্রমূখ। মতবিনিময় সভায় বক্তাগণ আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষায় সরকারের দেয়া নির্দেশনাগুলো পরীক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে ব্যাপক প্রচারণার ব্যবস্থা করতে আলোকপাত করেন। এদিকে মতবিনিময় সভার পূর্বে অতিথিদ্বয় উপজেলার মির্জাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান এবং সেখানেও একটি সভা করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন ওই কেন্দ্রের সচিব প্রধান শিক্ষক পরিমল চন্দ্র চট্টোপাধ্যায়।

উল্লেখ্য যে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার জন্য সরকার ১১টি নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনাগুলো পরীক্ষার সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে। নির্দেশনাগুলো হলো: সিসিটিভি ক্যামেরা স্থাপন ঃ প্রতিটি পরীক্ষা কেন্দ্র ও কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। অচল ক্যামেরা সচল করা: যেসব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা অচল, সেগুলো পরীক্ষা শুরুর আগেই সচল করতে হবে। ভিডিও সংরক্ষণ: সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ভিডিও যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। নিরাপত্তা ব্যবস্থা: স্থানীয় প্রশাসনের সঙ্গে পরামর্শক্রমে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মোবাইল ফোন নিষিদ্ধ: পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ। নকল প্রতিরোধ: পরীক্ষার্থীরা যেন নকল বা অসদুপায় অবলম্বন করতে না পারে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে হবে। দেহ তল্লাশি: পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে কেন্দ্রে প্রবেশের অনুমতি দিতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা: প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ঘড়ি স্থাপন: প্রতিটি পরীক্ষা কক্ষে দেয়াল ঘড়ি স্থাপন করতে হবে। নির্দেশনা প্রতিপালন: কেন্দ্র সচিবদের প্রতি নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালন করতে হবে। অবহেলা প্রতিরোধ: নির্দেশনা প্রতিপালনে কোনো প্রকার অবহেলা বা গাফিলতির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।