বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন আর নাই, এটা বাপের দোয়া ক্রিকেট বোর্ড: সংসদে হাসনাত

এফএনএস প্রতিবেদক:
| আপডেট: ৮ এপ্রিল, ২০২৬, ০৬:১০ পিএম | প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৬, ০৬:১০ পিএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন আর নাই, এটা বাপের দোয়া ক্রিকেট বোর্ড: সংসদে হাসনাত

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আজ বুধবার বিকেলে সংসদে বললেন, “বিসিবিকে যেভাবে দখল করা হয়েছে তা আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাই, এটা এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়ে গেছে।”

একই সঙ্গে তিনি জাতীয় মানবাধিকার কমিশনকে মন্ত্রণালয়ের অধীনে না রেখে একটি পূর্ণ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তরের জোর দাবি জানিয়েছেন।

তিনি অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংক ও বিসিবির মতো প্রতিষ্ঠানগুলোকে নগ্নভাবে রাষ্ট্রীয়করণ করা হয়েছে। হাসনাত বলেন, ‘বিগত সময়ে মানবাধিকার কমিশনকে বিরোধী দল ও মত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। গুম-খুনের বৈধতা দেওয়া এবং ভিকটিম ব্লেমিংয়ের জন্য এই প্রতিষ্ঠানকে ব্যবহার করা হয়েছে।’

এই মানবাধিকার কমিশনকে যদি আবারও কোনো মন্ত্রণালয়ের অধীনে রাখা হয় এবং তাদের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের কার্যক্রমগুলো নিরীক্ষণের দায়িত্ব দেওয়া হয়, তবে তাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। আমরা যদি এই বিলের সঠিক বাস্তবায়ন চাই, তবে জাতীয় মানবাধিকার কমিশনকে অবশ্যই স্বায়ত্তশাসিত (অটোনোমাস) প্রতিষ্ঠান করতে হবে। অন্যথায় নিরপেক্ষ কোনো অনুসন্ধান পাওয়া সম্ভব হবে না’-উল্লেখ করেন তিনি।

বিসিবি নিয়ে প্রশ্নের জাবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেন, “ক্রিকেট বোর্ডসহ সারাদেশের ক্লাবগুলোতে প্রভাব বিস্তার করে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা। বর্তমান গণতান্ত্রিক সরকার ইনকোয়ারি করেছে, তদন্তের পর বোর্ড ভেঙে দেয়া হয়েছে। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) তামিম ইকবালের নেতৃত্বে আহ্বায়ক কমিটি করা হয়েছে। তিনি একজন খেলোয়াড়। এখানে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি।”

‘অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ক্ষমতার অপপ্রয়োগ করে সারা বাংলাদেশের জেলা কমিটিগুলোকে প্রভাবিত করেছেন। বাংলাদেশে যেগুলো নিবন্ধিত ক্লাব ছিল, সেগুলোকে সরকারি ক্ষমতার মাধ্যমে প্রভাবিত করা হয়েছে এবং হাইকোর্টে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে ক্রিকেট বোর্ডের একটি বডি গঠন করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার ক্রীড়া মন্ত্রীর নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছে কী কী অনিয়ম হয়েছে তা খুঁজে বের করার জন্য। সেই তদন্ত কমিটির রিপোর্ট দেওয়ার পর তারা জানালো যে এখানে যথেষ্ট অনিয়ম হয়েছে। এরপর একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে’-উল্লেখ করেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে