যশোরের ঝিকরগাছায় বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোছা: রনি খাতুনের একটি চিঠি ভাইরাল হয়েছে। স্বস্তি ফিরে এসেছে চিকিৎসক, পুলিশ প্রশাসন, চাকুরীজীবী, শিক্ষক ও সাংবাদিকদের জ্বালানি তেল সংগ্রহের ক্ষেত্রে। ৭ এপ্রিল (মঙ্গলবার) স্বাক্ষরিত বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোছা: রনি খাতুনের চিঠি ৮ এপ্রিল (বুধবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এ চিঠিটি ঝিকরগাছা উপজেলার ৮ ফিলিং স্টেশনে না পৌঁছানোর কারণে জনগণ সেই সকল স্টেশনে থেকে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল পাচ্ছিলেন না। ৯ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে কলেজ শিক্ষক তবিবুর রহমান এ প্রতিনিধিকে জানালে তাৎক্ষণিকভাবে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজামাল আলমকে বিষয়টি অবহিত করা হয়। তিনিও তাৎক্ষণিকভাবে উপজেলার ৮ ফিলিং স্টেশনে এ নির্দেশনা দিয়ে দেন। এরফলে দীর্ঘ লাইনের বিড়ম্বনার থেকে এ সকল মানুষের মাঝে জ্বালানি তেল সংগ্রহে স্বস্তি ফিরে আসে। এ বিষয়ে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোছা: রনি খাতুন বলেন, সরকারি বিধিবিধান মেনেই আমি এই চিঠিটি ঝিকরগাছা উপজেলা সকল ফিলিং স্টেশনে জারি করেছি। বর্তমানে তিনি খুলনা বিভাগীয় কমিশনার অফিসে বদলি হয়েছেন। ১২ এপ্রিল (রবিবার) তিনি সেখানে যোগদান করবেন বলে জানিয়েছেন।