আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪-এর আসন্ন বার্ষিক কনভেনশনকে সামনে রেখে ২০২৬-২০২৭ বর্ষের জন্য দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর পদে প্রার্থী হয়েছেন লায়ন মোহাম্মদ আমজাদ হোসেন চৌধুরী। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় আমজাদ হোসেন চৌধুরীর পক্ষে ক্লাব বন্ধনের নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। নমিনেটিং কমিটির চেয়ারম্যান ও প্রাক্তন জেলা গভর্ণর লায়ন কবির উদ্দিন ভূঁইয়ার নিকট এ মনোনয়নপত্র দাখিল করা হয়। মনোনয়ন দাখিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান জেলা গভর্ণর লায়ন মোহাম্মদ মোসলেহ উদ্দিন অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্ণর লায়ন কোহিনুর কামাল, প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন কামরুজ্জামান লিটন, দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী, কেবিনেট সেক্রেটারী লায়ন আবু মোরশেদ, কেবিনেট ট্রেজারার লায়ন গাজী মোহাম্মদ শহীদুল্লাহ এবং নমিনেটিং কমিটির সদস্যবৃন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে প্রাক্তন জেলা গভর্ণরবৃন্দ, সিনিয়র লায়ন নেতৃবৃন্দ এবং বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আগামী ১৪ ও ১৫ মে অনুষ্ঠিতব্য জেলা কনভেনশনে ডেলিগেটদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, অতীতের ধারাবাহিকতায় এবারের নির্বাচনও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে। তারা বলেন, জয়-পরাজয়কে সৌহার্দ্যপূর্ণভাবে গ্রহণ করার যে সংস্কৃতি লায়ন্সে বিদ্যমান, তা অন্যদের জন্যও অনুসরণীয় দৃষ্টান্ত। লায়ন আমজাদ হোসেন চৌধুরীর পক্ষে সমর্থন জানিয়ে ক্লাব বন্ধনের নেতৃবৃন্দ বলেন, তিনি একজন দক্ষ, অভিজ্ঞ ও সেবামুখী সংগঠক। তাকে নির্বাচিত করা হলে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে মানবসেবায় কাজ করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। একইসঙ্গে তারা তার জন্য লায়ন সদস্যদের ভোট, দোয়া ও সমর্থন কামনা করেন। বক্তারা আরও বলেন, প্রার্থীদের মধ্যে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা সকলেই যোগ্য ও মেধাবী। ডেলিগেটরা তাদের সুচিন্তিত রায়ের মাধ্যমে আগামী দিনের জন্য উপযুক্ত নেতৃত্ব নির্বাচন করবেন বলেও তারা প্রত্যাশা করেন।