রাজশাহীর মোহনপুর উপজেলায় বাড়ি পৌঁছে না দেওয়ায় যাত্রী মজিবুর রহমান ভ্যানচালক আলম আলীর মাথায় ইট দিয়ে আঘাত করে তাকে হত্যা করেছে।
নিহত ভ্যানচালক আলম আলী (৪৫) মোহনপুর উপজেলার বেলগাছি গ্রামের মো. আশরাফ আলীর ছেলে। অভিযুক্ত ব্যক্তি মজিবর রহমান একই গ্রামের পিয়ার আলীর ছেলে।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল পৌনে ১০ টার সময় উপজেলার বেলগাছি পূর্বপাড়া গ্রামের পাঠক ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মজিবর রহমান হাড়ার মোড়ে থেকে আলম আলীর ভ্যানগাড়িতে উঠে তার বাড়িতে পৌঁছে দিতে বলেন। আলম রাজি না হলে, এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মজিবুর রহমান ইট দিয়ে ভ্যানচালক আলম আলীর মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে আলম আলী ভ্যান থেকে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত মজিবর রহমানকে বেলগাছি পূর্বপাড়া গ্রামের পাঠক ক্লাবে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করতে গেলে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেওয়ার চেষ্টা করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের এএসআই বেলালউদ্দিনসহ দুই পুলিশ সদস্য সামান্য আহত হন।
এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনাস্থলে পৌঁছে বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় স্থানীয়দের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করে কয়েক ঘন্টা পর অভিযুক্ত মজিবর রহমানকে আটক করে থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, পরিস্থিতি শান্ত করে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় আনা হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।