হিলিতে কলেজ ছাত্রীর নিখোঁজ, পরিবারে আহাজারি

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৬, ১০:৪৮ পিএম
হিলিতে কলেজ ছাত্রীর নিখোঁজ, পরিবারে আহাজারি

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় এক কলেজ ছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারে নেমে এসেছে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা। নিখোঁজ শিক্ষার্থীর নাম মিসরাত জাহান ইভা। তিনি হাকিমপুর উপজেলার মংলা পাড়া গ্রামের বাসিন্দা মমিনুল ইসলাম ও রোকসানা পারভীন দম্পতির মেয়ে এবং বেগম রোকেয়া কলেজ-এর একাদশ শ্রেণির ছাত্রী। পরিবার সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল কলেজের ছাত্রী নিবাস থেকে হঠাৎ করে নিখোঁজ হন ইভা। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরিবার চরম হতাশায় ভুগছে। নিখোঁজ মেয়ের মা রোকসানা পারভীন বলেন, “আমার মেয়েকে ছাড়া আমি বাঁচতে পারছি না। কোথায় আছে, কেমন আছে কিছুই জানি না। আমি আমার মেয়েকে ফিরে পেতে চাই।” সন্তানের শোকে তিনি প্রায় পাগলপ্রায় হয়ে পড়েছেন বলেও জানান স্বজনরা। এদিকে পরিবারের অভিযোগ, মেয়েকে খুঁজে পেতে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাওয়া যাচ্ছে না। পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে আকুল আবেদন জানানো হয়েছে- দ্রুত সময়ের মধ্যে নিখোঁজ শিক্ষার্থী মিসরাত জাহান ইভাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জন্য। স্থানীয়দের মাঝেও এ ঘটনায় উদ্বেগ বিরাজ করছে এবং দ্রুত তার সন্ধান পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।

আপনার জেলার সংবাদ পড়তে