দিনাজপুরের বিরামপুর পৌর এলাকার মিজাপুর শিবমন্দির চত্বরে প্রায় ৩২০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী শিবপূজা ও চৈত্র সংক্রান্তির মেলা বসছে আগামী সোমবার। মেলা আয়োজন উপলক্ষে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি। মন্দির কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ শশী কুমার সরকার জানান, প্রতি বছরের ন্যায় এবারও পঞ্জিকা অনুযায়ী চৈত্রসংক্রান্তির দিন, অর্থাৎ ১৪ এপ্রিল সোমবার শিবপূজা ও মেলা অনুষ্ঠিত হবে। আয়োজন ঘিরে কোনো প্রতিবন্ধকতা নেই বলেও তিনি নিশ্চিত করেন। তিনি আরও জানান, ঐতিহ্যবাহী এই মেলাকে ঘিরে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শান্ত কুমার কুন্ডু এবং বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বিরামপুর উপজেলা আহ্বায়ক পবন কুমার শীল বলেন, পূজা ও মেলা সফলভাবে আয়োজন করতে স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। ঐতিহ্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সমন্বয়ে আয়োজিত এই মেলা স্থানীয় সংস্কৃতি ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।