খুলনায় ছুরিকাঘাতে তাঁতীদলের নেতা খুন

এফএনএস (এম এ আজিম; খুলনা) : | প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৬, ০১:১৬ পিএম
খুলনায় ছুরিকাঘাতে তাঁতীদলের নেতা খুন

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাত করে তাঁতীদল ১০ নং ওয়ার্ড সভাপতি মো. সোনামিয়াকে হত্যা করা হয়েছে। শনিবার রাত ১২ টা ৫ মিনিটের দিকে খালিশপুর নয়াবাটি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। নিহত সোনামিয়া নয়াবাটি এলাকার বাসিন্দা জব্বার সরদারের ছেলে। স্থানীয়রা জানায়, খালিশপুর নয়াবাটি এলাকায় সোনা মিয়ার একটি ভ্যারাইটিস স্টোর ছিল। প্রতিদিন গভীর রাতে দোকান বন্ধ করে বাড়িতে যেতেন তিনি। শনিবার রাত ১২ টা ৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে তিনজন যুবক এসে তার ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র তার ডান হাতের বাহুতে দু’টি আঘাত করে।  খালিশপুর থানার এসআই পলাশ কুমার রায় বলেন, রাত ১২ টার কিছুক্ষণ পর ঘটনাটি ঘটলেও আমাদের সাড়ে ১২ টার পরে জানানো হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। সোনামিয়ার মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ মর্গে প্রেরণ করা হয়।  স্থানীয় সূত্রে জানা যায়, সোনামিয়া তার দোকানে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত এসে দোকানের ভেতরে ঢোকে। এরপর তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। প্রাণ বাঁচাতে তিনি পাশের একটি বাসায় আশ্রয় নিলেও হামলাকারীরা সেখানে গিয়ে তাকে পুনরায় আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খালিশপুরের একটি ক্লিনিকে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা আরও জানান, হামলাকারীদের মধ্যে দুইজন মুখোশ পরিহিত এবং একজন হেলমেট পরা ছিল। তারা ধারালো অস্ত্র ব্যবহার করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার সুদর্শন কুমার রায় জানান, হত্যার কারণ উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

আপনার জেলার সংবাদ পড়তে