কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের আমির আজিজুর রহমান, জেলা সেক্রেটারি নিজাম উদ্দিন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান ও সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার প্রমুখ। সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা নিশ্চিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও বর্তমানে জ্বালানি তেলের সমস্যা সংকট ও সমাধান, মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান রোধ, যানজট নিরসন, ইভটিজিং প্রতিরোধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিংসহ চুরি-ডাকাতি রোধে পুলিশি টহল আরো জোরদার করার আহ্বান জানান বক্তারা। জ্বালানি তেল যথাযথভাবে সকলকে প্রদান করতে ফুয়েল কার্ড প্রত্যেক উপজেলায় নিশ্চিত করে তেল সরবরাহের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।